ইসলামের দৃষ্টিতে মোরাল পুলিশিং ও মব জাস্টিস
ইসলামের নামে পরিচালিত তথাকথিত মোল্লাতান্ত্রিক রাষ্ট্রগুলোতে ‘শরিয়াহ পুলিশ’ বা ‘মোরাল পুলিশ’-এর মাধ্যমে ব্যক্তিগত আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এর ফলে মানুষের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার খর্ব হয়, যার উদাহরণ ইরান বা আফগানিস্তানে দেখা গেছে। অথচ রাসুলুল্লাহ (সা.) ও খোলাফায়ে রাশেদীনের যুগে এ জাতীয় কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না। ইসলামে ‘সৎকাজের আদেশ ও অন্যায় কাজের প্রতিরোধ’ একটি মৌলিক দিক হলেও তার নির্দিষ্ট রূপরেখা রয়েছে।
বর্তমানে বাংলাদেশে ‘মব জাস্টিস’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বা বিচারহীনভাবে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করা ইসলামের শিক্ষা নয়, বরং এটি জংলি প্রথা। ইসলামে কোনো অন্যায় দেখলে তা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে, নিজে শাস্তি দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। উত্তেজিত জনতার বিচার কখনও সঠিক হতে পারে না। কোনো সভ্য সমাজে গণপিটুনি চলতে পারে না। প্রকৃত ইসলাম মানুষকে মুক্তি দেয়, জবরদস্তি করে না। তাই শরিয়াহর নামে বাড়াবাড়ি বা মব কালচার বন্ধ হওয়া জরুরি।